ডেক্সরিপোর্ট ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শায়রুল বলেন, শুক্রবার (০৮ মে) বিকেল ৫টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার গ্রিনরোডের নিজের বাসায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তার জানাজা হচ্ছে না। শুক্রবার রাতেই তার মরদেহ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে। শনিবার জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শামছ উদ্দিন আহমদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় অবসরে গিয়ে বিএনপির রাজনীতিতে যোগদান করেন। তিনি ১৯৯৬ সালে ষষ্ঠ সংসদ ধানের শীষ নিয়ে ও অষ্টম সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়। গত সংসদ নির্বাচেনও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর পিতা মরহুম মৌলভী শাহাবুদ্দিন আহামদ সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।