রাবি প্রতিনিধি করোনাভাইরাস পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী ও ক্যাম্পাসের অস্থায়ী দোকান কর্মচারীসহ রাজশাহী সিটি কর্পোরেশনের অসহায় মানুষের কল্যাণে প্রায় ১৬ লাখ টাকা অর্থ সহায়তা (অনুদান) দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সমিতির সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৬০০ পরিবারকে নগদ দুই হাজার টাকা করে মোট ১২ লাখ টাকা ও রাজশাহী সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৫ টন করে মোট ১০ টন চাল প্রদান(যার আনুমানিক অর্থ ৪ লাখ টাকা) করবেন শিক্ষক সমিতির শিক্ষকগণ ।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী বলেন,‘আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন অনেক চুক্তিভিত্তিক কর্মচারী(যারা কাজ না করলে টাকা পান না) আছেন যারা এই করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেক দোকান আছে যেগুলোতে অনেক সংখ্যক দিন এনে দিন খাওয়া মানুষ ছিলো। গত ৯ মে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় তাদের সাহায্যের ব্যাপারে কথা বলা হয় । এই সময় সকল শিক্ষক সহমত পোষণ করেন এবং তারা তাদের একদিনের বেতন প্রদানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা চলতি সপ্তাহে সব প্রস্তুতি শেষ করে আগামী সপ্তাহের মধ্যে তালিকাভুক্ত সবার মাঝে আমাদের সহায়তা পৌঁছে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।”
মাস্টাররোল কর্মচারীদের এই অনুদান দেওয়া হবে কি না এই ব্যাপারে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন,”মাস্টাররোল কর্মচারীদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সাহায্য করা হয়েছেএই কারণে আমরা তাদের অন্তর্ভুক্ত করিনি। আমরা শুধুমাত্র যারা বেতনভুক্ত কর্মচারী নয় অর্থাৎ যারা কাজের বিনিময়ে টাকা পান এবং বিশ্ববিদ্যালয়ের দোকান কর্মচারীদের মধ্যে থেকে প্রায় ৬০০ পরিবারকে আমরা সাহায্যের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, ‘এই করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের তহবিলে ৫ টন করে মোট ১০ টন চাল দেয়া হবে। ”
এর আগে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে নগদ এক কোটি টাকা প্রদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।