ডেক্সরিপোর্ট ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক লতিফুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)। আজ (১ জুলাই) বুধবার সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ পৈত্রিক নিবাসে ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্র জানিয়েছে, লতিফুর রহমানের মরদেহ ঢাকায় আনা হবে। গুলশানের আজাদ মসজিদে বাদ এশা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাতেই বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তিনি গত দুই বছর ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে। আর বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন।
লতিফুর রহমানের জন্ম ১৯৪৫ সালের ২৮ আগস্ট। তিনি জাতীয় দৈনিক প্রথম আলো পরিচালনাকারী মিডিয়া স্টার এবং ডেইলি স্টার পরিচালনাকারী মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০১২ সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই বিশিষ্ট ব্যবসায়ী।
মৃত্যুর সময়ে লতিফুর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার আরেক মেয়ে শাজনীন রহমান ১৯৯৮ সালে গুলশানের বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন।
আজকের এই দিনে চার বছর আগে লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন জঙ্গিদের হাতে নিহত হন হলি আর্টিজানে হওয়া জঙ্গি হামলায়।