মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি রাজধানীর হাজারিবাগে কলেজছাত্রী আফরোজা আক্তার আশা(১৮) নামের এক যুবতীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
আফরোজা আক্তার আশা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের আজগর আলীর মেয়ে। সে সাইফুর রহমান সরকারী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। গত ১০ জুন তার ভাই জাহিদুল হক আশা নিঁখোজ হয়েছে মর্মে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আশার সাথে পার্শ্ববর্তী রামরাম সেন গ্রামের মৃত বকুল চন্দ্র দাসের ছেলে অনিক চন্দ্র দাসের প্রেমের সম্পর্ক ছিল। গত দু’মাস আগে প্রেমের টানেই সে অনিকের হাত ধরে পালিয়ে যায়।পরে ঢাকা হাজারীবাগে গিয়ে অনিক ধর্মান্তরিত হয়ে আশাকে বিয়ে করে সংসার শুরু করে।তার বর্তমান নাম আব্দুল্লাহ। গত রবিবার (২ আগস্ট) রাতে স্বামী অনিক চন্দ্র দাস ওরফে আব্দুল্লাহ অচেতন অবস্থায় আশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।আশার রহস্যজনক মৃত্যুতে হাজারীবাগ থানা পুলিশ আশার স্বামীকে আটক করে জেলহাজতে পাঠিয়ে দেয় এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করে।পরে মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
আশার অকাল মৃত্যুতে তার পরিবার,সহপাঠীসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সকলের দাবি আশাকে পরিকল্পিত ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। দ্রুত আশার মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন তারা।