ডেক্সরিপোর্ট ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় নুর আলম (৫৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পৌরশহরের পূর্ব চৌরাস্তা এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয় বলে জানান পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।
আটক নুর আলম (৫৫) পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের ওহিদুলের ছেলে।
ওসি প্রদীপ কুমার রায় বলেন, পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সেই ম্যুরালের ডান পাশে ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলে নুর আলম। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নুর আলমকে আটক করা হয়।
আটক নুর আলমের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি প্রদীপ কুমার।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার বিষয়টি আসলে দুঃখজনক। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।