অনলাইন ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বলে জানা গেছে।
গ্রেফতার শিক্ষার্থীর নাম অরুণ যাদব। দীনদয়াল উপাধ্যায় গোরক্ষপুর ইউনিভার্সিটিতে এলএলবির ছাত্র তিনি।
চৌরি চৌরার পণ্ডিতপুরা গ্রামের বাসিন্দা অরুণকে গত রোববার গ্রেফতার করা হয়।
অরুণ যাদবের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির পাশাপাশি জালিয়াতির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথ সম্পর্কে একটি পোস্ট করেন অরুণ। তাতেই যোগী রাজ্যে দক্ষিণপন্থী শিবিরের রোষে পড়েন। পরে পোস্টটি মুছে দিলেও তিনি রেহাই পাননি।
তবে আইন বিভাগের ছাত্র অরুণ যাদব মোদি ও যোগীকে নিয়ে কী পোস্ট দিয়েছিলেন তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।
আনন্দবাজার আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগ অরুণের ওই পোস্টটির ছবি তুলে রাখে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটি জমা দেয়। তার পর অরুণকে বহিষ্কার করা হয়।
বিষয়টি খতিয়ে দেখতে একটি শৃঙ্খলা কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই কমিটি যে রিপোর্ট দেবে, সে অনুযায়ী অরুণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ওই কমিটির সামনে অরুণকে হাজিরা দিতেও নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। নির্দেশ না মানলে তার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।
এর আগে নতুন বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইডিয়ট’ বলে চাকরি হারান ভারতের গোএয়ারের একজন পাইলট।
সোশ্যাল মিডিয়ায় আচরণসংক্রান্ত ওই বিমান সংস্থার বিধি লঙ্ঘন করার অভিযোগ এনে গোএয়ার তাকে চাকরি থেকে ছাঁটাই করে। চাকরিচ্যুত পাইলটের নাম মিকি মালিক।