ডেক্সরিপোর্ট বাংলাদেশ ও ভারত একসঙ্গে করোনা মোকাবিলা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১ টা ৩৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার পাঠানো ২০ লাখ ভ্যাকসিন হস্তান্তরকালে এ কথা বলেন তিনি।
এ সময় বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘বন্ধুত্বের প্রমাণ রাখলো ভারত।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাই থেকে ভ্যাকসিনবাহী একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা সাড়ে ১১ টার কিছু আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিলো ভারত সরকার।