ডেক্সরিপোর্ট:রফতানির সুযোগ দেয়ার পরও কাঁচা চামড়া নিয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন জেলার চামড়া ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা কোটি কোটি টাকা না পেয়ে আবারো লোকসানে পড়েছেন তারা। সিন্ডিকেটের কারণে এ পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
চামড়া লবণ দিয়ে সংরক্ষণের পরেও অলস সময় কাটাচ্ছেন ময়মনসিংহের প্রান্তিক ব্যবসায়ীরা। সরকারি সিদ্ধান্তের পরও কোন বড় ব্যবসায়ী বা ট্যানারি মালিক চামড়া কিনতে আসেননি ।
চামড়া শিল্পে ধসের পর চট্টগ্রামে আতুরার ডিপো এলাকার আড়ৎগুলোয় ভিন্ন চিত্রের দেখা মিলল। ট্যানারি মালিকরা চামড়া কিনবে এমন খবরে স্বস্তি নেমেছে মৌসুমি ব্যবসায়ীদের মাঝে। চলছে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের কাজ।
৫ বছর ধরে কুষ্টিয়ার ৫৭ জন চামড়া ব্যবসায়ীর ১৫ কোটি টাকা ট্যানারি মালিকদের কাছে পড়ে রয়েছে। টাকার অভাবে তাই এবারের ঈদে চামড়া কিনতে পারেননি অনেক প্রান্তিক ব্যবসায়ীই। তাই সরাসরি কাঁচা চামড়া রপ্তানির দাবি জানিয়েছেন তারা।
এছাড়া নওগাঁ ও টাঙ্গাইলসহ সারাদেশে চামড়ার দামে ধস নেমেছে। ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পেয়ে দেউলিয়া হয়ে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকে বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন তারা।