উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে কলাবাড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মোল্যা নজরুল ইসলামকে (৭০) পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত নজরুলকে প্রথমে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আসন্ন নড়াইলের কলাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলনকে সামনে রেখে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ১০-১৫ জনের একদল স্বশস্ত্র দুর্বৃত্ত পরিকল্পিতভাবে পেছন থেকে এসে এলোপাতাড়িভাবে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করতে থাকে।একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে চলে যায় বলে । এরপর স্থানীয় লোকজন নজরুলকে উদ্ধার করে তাঁকে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ওই রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে,এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষ উত্তেজিত হলে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ হামলার ঘটনায় নজরুল মোল্যার ভাইয়ের ছেলে কামাল মোল্যা বাদি হয়ে নড়াইলের কালিয়া নড়াগাতি থানায় একই গ্রামের হাফিজুর রহমান বিপ্লব এবং হাসানসহ ১০জনের নাম উল্লেখসহ ৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর কবির জানান, ‘নজরুল মোল্যার ওপর হামলার বিষয় জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারভূক্ত আসামী জুবায়ের (৩৩) খুবায়ের (২৯) ও দিদারুলকে (৩১) আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে নড়াইলের নড়াগাতি থানার পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’