ডেস্ক রিপোর্ট মহামারি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৩০ জুন থেকে সর্বাত্নক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ সময়ে যশোর, খুলনা ও বাগেরহাট থেকে বরিশালে বাস চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে চলবে না আন্তঃজেলা রুটের বাসের চাকাও।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।
তিনি বলেন, ‘বরিশাল বিভাগে আক্রান্তের মোট হারের মধ্যে বরিশাল নগরীতেই আক্রান্ত ৭৫ ভাগ। শুক্রবার বিভাগীয় মিটিংয়ে নগরীকে সেইফ করার জন্য আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয় নগরীতে ৩০ জুন থেকে ৭ দিন লকডাউন করা হবে। এ ছাড়া বাইরের বাস আসা বন্ধসহ জেলায় আন্তঃজেলা রুটে বাস চলাচলও শনিবার থেকে বন্ধ থাকবে।
‘লকডাউন কার্যকর করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং কঠোরভাবে তা পালন করানোর জন্য ব্যবস্থা নেয়া হবে। কেননা বাইরের বাস ঢুকতে দিলে সিটি করপোরেশন এলাকায় সংক্রমণ আরও বাড়বে। আমাদের মূল টার্গেট বরিশাল নগরীকে নিরাপদ রাখা। আর এই জন্য বাস মালিক সমিতিও রাজি হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার।’
এর আগে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলায় করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় বরিশাল জেলা ও মহানগরকে কঠোর লকডাউনের আওতায় আনার জন্য জেলা প্রশাসককে সুপারিশ করেছেন সিভিল সার্জন।
এ সংক্রান্ত একটি চিঠি গত বুধবার জেলা প্রশাসকের কাছে প্রেরণ করে সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
চিঠিতে উল্লেখ করা হয়, বরিশালে বিগত ১ সপ্তাহে করোনায় সংক্রমণ বেড়েছে। পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও। এ অবস্থা চলতে থাকলে বরিশালে করোনা ভয়াবহ রূপ নিতে পারে। তাই যত দ্রুত সম্ভব বরিশালকে কঠোর লকডাউনের আওতায় আনতে পরামর্শ দেওয়া হয় ওই চিঠিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ১ সপ্তাহে বরিশাল জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। গেল সপ্তাহে যেখানে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ৭-৮ জন সেখানে এখন সংক্রমণ ৫৪ জনে দাঁড়িয়েছে। এর আগে খুলনা বিভাগের সাথে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক পরিবহন বন্ধের সুপারিশ করে বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন।
এদিকে,জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, বরিশাল থেকে বা বরিশাল রুটে দূরপাল্লার পরিবহন শনিবার থেকে বন্ধের সিদ্ধান্ত তাদের জানানো হয়েছে। আর ৩০ তারিখ থেকে লোকাল বাসসহ মাহিন্দ্রা, থ্রি হুইলার সব চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে।