মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

স্ত্রীকে জমি লিখে দিলে ফেরত পাবেন চাকরি

ডেস্করিপোর্ট  স্ত্রীকে নির্যাতনের দায়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এক স্বামী। এখন দেশের সর্বোচ্চ আদালতে অঙ্গীকার করেছেন আর নির্যাতন করবেন না। এই অঙ্গীকারের পর আদালত বলেছে, আপনি আপনার স্ত্রীর নামে এক টুকরো জমি লিখে দিন। এরপর আপনি যাতে চাকরি ফিরে পান সেজন্য বরখাস্তের আদেশ প্রত্যাহারসহ প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

এর আগে আপিল বিভাগে স্বামী-স্ত্রী দুজনই হাজির হয়ে তাদের বক্তব্য পেশ করেন। আদালত বলেন, আপোষ মিমাংসার কথা বলছেন কিন্তু এখান থেকে গিয়ে স্ত্রীকে নির্যাতন করবেন না তার নিশ্চয়তা কোথায়? জবাবে ওই ব্যক্তি বলেন, আমি আর নির্যাতন করবো না। তবে স্যার, এক হাতে তো আর তালি বাজে না।

স্ত্রী বলেন, আমার একটা সন্তান আছে, আমি চেয়েছিলাম স্বামী যেন আমার সঙ্গে ভালো আচরণ করেন। কিন্তু সে তা করেনি। যেহেতু আর নির্যাতন করবে বলছে সেজন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে আপোষের সিদ্ধান্তে পৌঁছেছি।

আপিল বিভাগ বলে, আপোষের পরও যদি আপনাকে নির্যাতন করে তখন কি করবেন? জবাবে ওই নারী বলেন, তাহলে সেটা আমার নসিব। এখন তাকে বিশ্বাস করা ছাড়া আমার আর কিছু করার নাই। আমি আমার স্বামীকে নিয়ে বাঁচতে চাই। আদালত বলেন, আপনার স্ত্রীকে দুর্বল মনে করবেন না। আমরা চাই সংসারটা টিকুক। একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করবেন। একজন বলছেন এক হাতে তালি বাজে না। আমরা চাই আগামীতে যেন কোনো হাতেই আর তালি না বাজে।

মামলার বিবরণে জানা যায়, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে ফায়ার ম্যান স্বামীর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। ওই মামলায় স্বামীর সাজা হয় এবং চাকরি থেকে বরখাস্ত হন। তবে আপিল মঞ্জুর করে হাইকোর্ট ওই নারীর স্বামীকে খালাস দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে মামলা খারিজ চেয়ে আপিল বিভাগে একটি ‘সমঝোতার আবেদন’ দেন স্বামী। বুধবার আপিল ও সমঝোতা আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। একইসঙ্গে আগামী ২৫ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রাখা হয়েছে।