অনলাইন ডেস্ক ।। পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরো ৬ সদস্য। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের একটি থানায় সোমবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে। খবর পাকিস্তানের সংবাদ সংস্থা ডনের।
প্রায় ৩০ জন জঙ্গি প্রথমে স্নাইপার ব্যবহার করে তিন দিক থেকে কনস্টেবলদের ওপর হামলা চালায় এবং এরপর তারা থানায় প্রবেশ করে বলে পাকিস্তানের দারবান অঞ্চলের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
দারবানের উপ-পুলিশ সুপার মালিক আনিস উল হাসান বলেছেন, ‘থানার ভবনে প্রবেশ করার পর সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। যার ফলে পুলিশ সদস্যদের মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটে।’
পাকিস্তানে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর মাত্র তিন দিন আগে এই হামলার ঘটনা ঘটল। মূলত পাকিস্তানে জঙ্গিদের আক্রমণ বেশ বেড়েছে। বিশেষ করে পাকিস্তানি তালেবান এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে ২০২২ সাল থেকে এই ধরনের হামলা বেশ বেড়েছে।