স্টাফ রিপোর্টার ।। বরিশাল মহানগর ছাত্রদলের অধীন প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি পেতে যাচ্ছে বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। তবে অভিযোগ উঠেছে, সংগঠনটির কমিটির প্রার্থী তালিকায় রয়েছে নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী মেহেদী হাসান (রামিম)। এ নিয়ে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এদিকে অভিযোগের সত্যতা নিশ্চিত করে কলেজের সিভিল ট্রেড বিভাগের প্রধান হাবিবুর রহমান জানান, মেহেদী হাসান রামিম নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ছাত্রদলের কমিটিতে একাধিক প্রার্থী থাকলেও খসড়া তালিকায় মেহেদী হাসান রামিমকে সভাপতি পদে রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, স্কুলের গন্ডি পার না হওয়া জুনিয়র শিক্ষার্থী দিয়ে কলেজ কমিটি দিলে সাধারণ শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব মানবে না। এছাড়া সমালোচনার মুখেও পড়বে সংগঠনটি। এ ব্যাপারে দলের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে যোগ্য নেতৃত্ব চান শিক্ষার্থীরা।