ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব নুরুল আমিনের নাম ঘোষণার পর থেকেই একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার, বিভ্রান্তি সৃষ্টি এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। দলের তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে বিতর্কিত করতে মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে।
নেতাকর্মীরা জানান, আলহাজ্ব নুরুল আমিন দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার মামলা-হামলা ও কারাবরণের শিকার হলেও তিনি কখনো দল থেকে সরে দাঁড়াননি। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে থাকার কারণেই তৃণমূলের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
তাদের অভিযোগ, নুরুল আমিনকে আহ্বায়ক করার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল নবগঠিত কমিটিকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির নেতৃত্বদানকারী কয়েকজনের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির নেতাকর্মীরা।
অভিযোগে বলা হয়েছে, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুছ ছালাম রাড়ী অতীতে বরিশাল-৫ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য কর্নেল জাহিদ ফারুক শামীমের বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষে গণসংযোগ ও ভোট চাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিমের বিরুদ্ধেও প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের ভাষ্য, বিএনপির সবচেয়ে কঠিন সময় কিংবা রাজপথের আন্দোলন-সংগ্রামে তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি। অথচ এখন তিনি দীর্ঘদিনের পরীক্ষিত নেতা নুরুল আমিনকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন।
একইভাবে সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টু খানের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, তার নিজ এলাকা রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগপন্থী চেয়ারম্যান খোকনের সঙ্গে বিভিন্ন সময় তাকে সভা-সমাবেশে দেখা গেছে। এসব বিষয় নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও নানা প্রশ্ন রয়েছে বলে তারা উল্লেখ করেন।
তৃণমূল বিএনপির নেতাকর্মীদের দাবি, বরিশাল সদর উপজেলা বিএনপি বর্তমানে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠছে। এই ঐক্য ও সাংগঠনিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি মহল ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা ও অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তবে এসব অপপ্রচার ও ষড়যন্ত্রে দলের নেতাকর্মীরা বিভ্রান্ত হবেন না বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলেও তা ব্যর্থ হয়।