ডেক্সরিপোর্ট বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছে। সাবেক কমিটির সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে।
রবিবার(৮ ডিসেম্বর)বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে দুপুরে দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে দলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম কাউন্সিলরদের কাছে তাদের প্রার্থীদের নাম প্রস্তাব করতে বলেন।
কাউন্সিলররা সভাপতি পদে সাবেক কমিটির সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরের নাম প্রস্তাব করেন।
এসময় গোলাম আব্বাস চৌধুরী ও এ কেএম জাহাঙ্গীর নিজেদের মধ্যে আলোচনা শেষে গোলাম আব্বাস চৌধুরী এ কেএম জাহাঙ্গীরকে সভাপতি পদে সমর্থন করেন। এদিকে সাধারণ সম্পাদক পদে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রতিদ্বন্দী প্রার্থী ছিলো না।
পরে ওবায়দুল কাদের বরিশাল মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা করেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।