ডেক্সরিপোর্ট জাতীয় পার্টির নবম কাউন্সিলে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক (চিফ প্যাট্রন) ঘোষণা করা হয়েছে।
পার্টির চেয়ারম্যান পদে হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ও মহাসচিব পদে মসিউর রহমান রাঙ্গাই বহাল আছেন।
তারা আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে পার্টির কাউন্সিলে তারা এসব পদে নির্বাচিত হন।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেট এতে অনুমোদন দেন।
এছাড়া পার্টিতে চারটি কো-চেয়ারম্যান পদ থাকবে বলে কাউন্সিলে জানানো হয়েছে। বর্তমানে একটি সিনিয়র ও একটি কো-চেয়ারম্যান পদ রয়েছে।
সর্বশেষ ২০১৬ সালের মার্চে পার্টির অষ্টম কাউন্সিলে হুসেইন মুহম্মদ এরশাদ কো-চেয়ারম্যানের পদ তৈরি করে তাতে ভাই জিএম কাদেরকে আসীন করেন। স্ত্রী রওশন এরশাদ তাতে ক্ষিপ্ত হলে পরে তার জন্য এরশাদ তৈরি করেন সিনিয়র কো-চেয়ারম্যানের পদ। এরশাদ চলতি বছরের ৫ মে তার জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন।