ডেক্সরিপোর্ট করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা,হাট-বাজারে জনসমাগম ও রাস্তাঘাটে যান চলাচল নিয়ন্ত্রণে সারাদেশে নিয়মিত টহল অব্যাহত রেখেছে সশস্ত্রবাহিনী ও জেলা প্রশাসন। ভাইরাস ঠেকাতে রাস্তাঘাটে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষের তাপমাত্রাও পরীক্ষা করছেন তারা।
বরিশাল:
করোনার সক্রামণ ঠেকাতে জরুরি সেবা ব্যতীত সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। অভ্যন্তরীণ এলাকাগুলোতে বন্ধ রয়েছে জনসাধারণের আসা-যাওয়া। প্রশাসনের এই নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. রফিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত মোটরসাইকেলও চলবে না। যারা অতি প্রয়োজনে ও ওষুধ কিনতে আসবে তারাই শুধু বাইরে আসবে।
রাজশাহী:
রাজশাহীর হাট-বাজার ও সড়কে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসনের পাঁচটি ভ্রাম্যমাণ আদালত। নির্দিষ্ট বৃত্তের মধ্যে থেকে কেনাকাটা ও রাস্তাঘাটে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।
রংপুর:
রংপুরে রাস্তায় জীবাণুনাশক ছিটান সেনাসদস্যরা। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে নগরীর অলি-গলিসহ জেলা ও উপজেলায় টহল দিচ্ছেন তারা।
বরগুনা:
বরগুনায় থার্মাল স্কানার দিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন জেলা পুলিশের সদস্যরা। প্রতিটি চেকপোস্টেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, তাপমাত্রা যদি বেশি হয় তাহলে তাদেরকে আমরা হাসপাতালে পাঠাচ্ছি।
সাতক্ষীরা:
সাতক্ষীরায় মানুষকে ঘরে থাকতে ও দোকানপাট খোলার ক্ষেত্রে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর ৭ টি টিম। মাইকিং করে করোনা সম্পর্কে জনসাধারণকে সচেতন করছেন তারা।
ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে নিষেধাজ্ঞা অমান্য করে বেশকিছু দোকান খোলায় মালিকদের জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অকারণে বাইরে বের হওয়ায় পথচারিদের সতর্কও করা হয়।
এছাড়া পঞ্চগড় ও নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে করোনাপ্রতিরোধ সক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন সেনা ও পুলিশ সদস্যরা।