বিনোদন ডেস্ক সুখবর দিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর ঘর আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। আজ মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কোয়েল সন্তান প্রসব করেন।
এর আগে, কোয়েল যে মা হতে চলেছেন এমন খবর সকলে জানতে পারেন মাসখানেক আগে। ডেলিভারি ডেট ঠিক ছিল এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতেই। কিন্তু এর মধ্যে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ায় কোয়েলকে নিয়ে বাড়ির লোকজন বেশ চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত সব চিন্তার অবসান ঘটিয়ে আজ ভোর সাড়ে ৫টায় কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি৷
কোয়েলের এহেন খবরে টলিপাড়াতেও খুশির রেশ, একের পর এক তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন কোয়েল ও নিসপালকে৷ কোয়েলের স্বামী নেসপাল সিং ইনস্টাগ্রামে নবজাতকের সঙ্গে কোয়েলের একটি ছবিও প্রকাশ করেছেন।
২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে এসেছে নতুন অতিথি।
ভারতের গুণী অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক বাংলা ছবির জগতে এসেছেন ২০০৩ সালে। তাঁর প্রথম ছবি ছিল হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’। প্রথম নায়ক জিৎ। প্রথম ছবিতেই সুপারহিট ছিলেন কোয়েল। সেই ২০০৩ সাল থেকে টানা ১৩ বছর তিনি বাংলা ছবিকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর ভেতর ‘বলো না তুমি আমার’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘১০০% লাভ’, ‘হেমলক সোসাইটি’, ‘পাগলু টু’, ‘সাত পাকে বাঁধা’, ‘বলো না তুমি আমার’, ‘জ্যাকপট’, ‘নবাব নন্দিনী’ প্রভৃতি উল্লেখযোগ্য। বাণিজ্যিক ধারার পাশাপাশি ‘দেবীপক্ষ’ বা ‘হেমলক সোসাইটি’র মতো ছবিতেও অভিনয় করেছেন।