বরগুনা প্রতিনিধি বরগুনায় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় একটি অস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। অভিযানে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব সুন্দরবন সংলগ্ন মাঝেরচরে অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড। ঘণ্টাব্যাপী অভিযানে একটি অস্ত্র তৈরির আস্তানা থেকে পাঁচটি পাইপগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান শেষে মাঝেরচরের অস্ত্র তৈরির আস্তানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করবে কোস্টগার্ড।