ডেক্সরিপোর্ট ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নেওয়া হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিনগত রাত পৌনে ১টার দিকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
মদপান ও অবৈধ ওয়াকিটকি ব্যবহার করার দু’টি অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মামুন।
তিনি জানান, কারাগারে আনার পর পরই ইরফানসহ দেহরক্ষীকে দেহ তল্লাশির পর নিয়ম অনুযায়ী কারাগারে করোনা ভাইরাস সতর্কতার জন্য ভেতরে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
প্রসঙ্গত, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে ধানমণ্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে ঢাকা -৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের গাড়ির সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তা ল্যফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছিল। এরপরই গাড়ি থেকে ইরফান সেলিমসহ তার লোকজন নেমে লেফটেন্যান্ট ওয়াসিম নামের ওই কর্মকর্তাকে বেদম পিটিয়েছেন।
রাত সোয়া ১০ টার দিকে সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল ধানমণ্ডি থানায় জব্দ করা হয়। সোমবার সকাল ৮টায় হত্যাচেষ্টার অভিযোগে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করা হয়।