রাবি প্রতিনিধি: ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ মামলার কোট্র্ েহাজিরা দিতে গিয়ে মারামারি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দুই নেতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় রাজশাহী মহানগর কোর্টে এই ঘটনা ঘটেছে।
এসময় ছাত্রদলের যুগ্নসাধারণ সম্পাদক শামসুদ্দীন চৌধুরী সানিন, সহআইন বিষয়ক সম্পাদক আহসান হাবীবকে মারধর করে বলে জানা গেছে। এ বিষয়ে নগরীর মতিহার থানায় আহসান হাবীব একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন।
সহআইন বিষয়ক সম্পাদক আহসান হাবীব জানান, ২০১৫ সালের একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আমি আজ (বৃহস্পতিবার) সকালে বগুড়া থেকে রাজশাহীতে আসি। হাজিরা শেষে কোর্ট থেকে বের হওয়ার সময় সানিন ভাইয়ের সঙ্গে থাকা দুজন ছেলে এসে আমাকে আটক করে। তারা আমার দুই চেপে ধরে কিল-ঘুষি মারতে থাকে। সানিন ভাইও আমার গলা চেপে ধরে মারধর করতে থাকে। তারা যখন আমাকে মারধর করছিল, তখন কোর্টের অন্য লোকেরা এসে আমাকে রক্ষা করে।
আহসান হাবীবের অভিযোগ, সানিন ভাইয়ের সঙ্গে আগে থেকেই আমার একটু ঝামেলা ছিল। তখন থেকেই ওনি আমাকে নানানভাবে হুমকি দিচ্ছিলেন। আজ তিনি আমার ওপর হামলাও করলেন। আমি এখন নিরাপত্তা সংকটে আছি। তাই থানায় জিডি করেছি।
তবে মারধরের অভিযোগের বিষয়ে কথা বলার জন্য যুগ্নসাধারণ সম্পাদক শামসুদ্দীন চৌধুরী সানিনের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী বলেন, একটা মারামারির কথা শুনেছি। সন্ধ্যায় তাদের দুজনের সঙ্গে বসে আলোচনা করে ঘটনা মীমাংসা করে দেয়া হবে।