অনলাইন ডেস্ক জাতিসংঘের এক রিপোর্টে বলা হয় ২০২০ সালের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে পুনরায় সহযোগিতা শুরু করেছে ইরান ও উত্তর কোরিয়া। রিপোর্টে আরও বলা হয়, নানাভাবে পরমাণু প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে উত্তর কোরিয়া।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সোমবার(৮ফেব্রুয়ারী) জাতিসংঘ বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেল এই বার্ষিক রিপোর্ট নিরাপত্তা পরিষদে জমা দেয়। এতে উল্লেখ করা হয়, উত্তর কোরিয়ার সাথে এ ধরণের ক্ষেপণাস্ত্র সহযোগিতার কথা অস্বীকার করেছে তেহরান।
তবে অজ্ঞাত এক সদস্য রাষ্ট্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, এ দুইটি দেশ দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে পুনরায় সহযোগিতার কাজ শুরু করেছে। এতে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হস্তান্তরের বিষয়টিও রয়েছে। রিপোর্ট তৈরি করা এসব বিশেষজ্ঞ পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টিও দেখভাল করেছেন।
উত্তর কোরিয়ার বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, পিয়ংইয়ং পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রেখেছে, যা জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন। এদিকে গত ২১ ডিসেম্বর বিশেষজ্ঞদের এক চিঠির জবাবে তেহরান বলেছে, এই তদন্ত রিপোর্টে মিথ্যা ও বানোয়াট তথ্য ব্যবহার করা হয়েছে।