ডেস্ক রিপোর্ট গরুর মূত্র সেবন করোনাভাইরাসের সংক্রমণকে রোধ করতে সহায়তা করে বলে দাবি করেছেন ভারতের ভোপালের সংসদ সদস্য এবং বিজেপি নেতা সাধভী প্রজ্ঞা ঠাকুর। মঙ্গলবার (১৮ মে) বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইকোনোমিকস টাইমস।
মহামারি করোনাভাইরাসের ভয়াবহ সংকটের বিরুদ্ধে লড়াই করছে ভারত। বিভিন্ন স্থানে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পরেছে। অনেকে সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। ঠিক এমন সময়ে বিজেপি নেতার এই মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সাধভী প্রজ্ঞা ঠাকুর দাবি করে বলেন, দেশি গরুর মূত্র সেবন আমাদের ফুসফুসের সংক্রমণ থেকে দূরে রাখে। আমার বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ছিল এবং প্রতিদিন গো-মূত্র সেবন করেছি। ফলে করোনার জন্য আমার অন্য কোনো ওষুধ গ্রহণ করতে হয়নি।
আমি করোনায় সংক্রমিত হইনি এবং এটা বিশ্বাস করি যে, গো-মূত্র সেবন করাতেই সৃষ্টিকর্তা আমাকে ভাইরাসটির সংক্রমণ থেকে রক্ষা করেছে, যোগ করেন তিনি।
অবশ্য এটাই প্রথমবার নয় যে বিজেপির এই নেতা বিভিন্ন রোগের চিকিৎসা ও নিরাময়ের জন্য গো-মূত্রের ব্যবহারের জন্য কথা বলেছেন। এর আগে তিনি একবার দাবি করেছিলেন, গো-মূত্র সেবন ক্যান্সার নিরাময়ে সহায়তা করে।