ডেস্করিপোর্ট দেড় মাস আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি রাজধানীর ধানমন্ডি থেকে উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘রবিবার রাতে মোবাইলটি উদ্ধার করা হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’
গত ৩০ মে রাজধানীর বিজয় সরণিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ১ জুন একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল (আইফোন) ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।
পুলিশ জানায়, রাজধানীর বিজয় সরণি থেকে যে ব্যক্তি ফোনটি ছিনতাই করেছিল তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তবে ওই ছিনতাইকারী ফোনটি বিক্রি করেছিল একজনের কাছে। এরপর হাতিরপুলের একটি দোকান থেকে আরও দুইবার হাত বদল হয়। এরপর সেখান থেকে একজন ‘আইফোন-এক্স’ মডেলের ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়।
গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি এলাকা থেকে মন্ত্রীর ফোনটি ছিনতাই হয়। এরপর এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) কাফরুল থানায় মামলা করা হয়।