ডেস্করিপোর্ট বরিশাল সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার দুপুরে সদর বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চদ্র হালদার।
তিনি জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল দিদার পরিবহণের একটি বাস। দুপুরে সদর উপজেলার ছয়মাইল এলাকায় পৌঁছলে মাহেদ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রার চালকসহ যানবাহন দুটির ছয় যাত্রী আহত হন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেট্রাপলিটন পুলিশের সিটিএসবির সদস্য জয়নাল আবেদীন জানান, এখন পর্যন্ত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।