ডেক্সরিপোর্ট বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের সাখারী গ্রামে ট্রিপল মাডার মামলায় মিশরাত জাহান মিশুকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ ডিসেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান শুনানি শেষে এ নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল বলেন, রবিবার (৮ ডিসেম্বর) রাতে আসামি জাকির হোসেন ও জুয়েল হাওলাদারের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিশুর সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে। এরপর তাকে ওই রাতে গ্রেফতার দেখিয়ে থানায় রাখা হয়।
সোমবার দুপুরে মিশুকে জুডিশিয়াল আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে মিশুর স্বামী কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রব বলেন, ‘এ মামলায় যারা দোষী তাদের শাস্তি হোক। কিন্তু কেউ যেন বিনা দোষে হয়রানির শিকার না হয়। আমার মাসহ স্বজনের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই। আর আল্লাহ যেন এ রকম বিপদ কাউকে না দেয়।’
প্রসঙ্গত,৬ ডিসেম্বর রব হাওলাদারের বাড়িতে তার মা মরিয়ম বেগম, বোনের ছেলে মো. ইউসুফ এবং বোন জামাই শফিকুল আলমকে হত্যা করা হয়। পরদিন সকালে লাশগুলো উদ্ধার করা হয়। নিহত তিনজনের মধ্যে ইউসুফ ও শফিকুল আলম দুই দিন আগে ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন। রব ১১ বছর ধরে কুয়েতের একটি মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী ও সন্তান বাড়িতে থাকতো।