শামীম আহমেদ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়নে তাদের অগ্রযাত্রার কর্মসূচি অব্যাহত থাকবে। বিরোধীদের রাজনৈতিক ভাবে মোকাবেলা আর স্বাধীনতা বিরোধী, জঙ্গীবাদসহ নানা অপশক্তি দূর করাই হলো মুজিব শতবর্ষে তাদের লক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সকল স্বপ্ন বাস্তবায়ন হবে।
মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশাল নগরীর সদররোডস্থ আওয়ামী লীগের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে গণমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি।
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুছ, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস । ১৭ মার্চ প্রথম প্রহরে আতশবাজি আর সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।