ডেস্করিপোর্ট পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাল্যবিয়ে করতে এসে বর-কাজি ও ঘটকসহ পাঁচজন গ্রেফতার হয়েছে। শনিবার দুপুরে তাদের গ্রেফতারের পর আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন- বর সজিব ফরাজি (২৫), রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজি) মো. সুলতানুর রহমান (৫৬), জাল জন্মনিবন্ধন প্রস্তুতকারক কম্পিউটারের দোকানি আবুল হোসেন ফরাজি (৩২), কনের চাচা মো. মাসুম আকন (৪২) ও ঘটক কাঞ্চন আলী (৫৫)।
জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজি) সুলতানুর রহমানের কার্যালয়ে শুক্রবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে সজিব ফরাজীর সঙ্গে সদর ইউনিয়নের উত্তরীপাড়া গ্রামের এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।