ইসরাইল হুসাইন,ইবিপ্রতিনিধি:আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর স্যোসাল ডেভেলপমেন্ট এশিয়া প্যাসিফিক (আইসিএসডিএপি) দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম এ দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর স্যোসাল ডেভেলপমেন্ট এশিয়া প্যাসিফিক (আইসিএসডিএপি) ব্রাঞ্চ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্যোসাল ওয়েলফেয়ার বিভাগের যৌথ আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী “স্যোসাল আনরেস্ট, পিচ এন্ড ডেভেলপমেন্ট” শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে অংশ নেবেন এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশের ৮ দেশের শতাধিক সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ ও গবেষক। আন্তর্জাতিক এ সম্মেলন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সম্মেলনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ সকলেই।
সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ড. মিঠুন মোস্তাফিজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা, ড. মামুনুর রহমান, আইসিএসডির সভাপতি ও চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া এর সমাজকর্ম বিভাগের অধ্যাপক মনোহর পাওয়ার।