ডেক্সরিপোর্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও দক্ষিণে আমির হোসেন আমুকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
উত্তর সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব থাকছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণ কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
শুক্রবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এই দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।
আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন। এ নির্বাচনে সব কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন বর্ষীয়ান এই দুই নেতা।
বৈঠক সূত্রে জানা যায়, কমিটিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দুই সভাপতি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। দুই সিটির মেয়র পদে নৌকার প্রার্থী ও কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সংখ্যা এখনও চূড়ান্ত করা হয়নি। কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যারা কাজ করতে আগ্রহী, তাদের অন্তর্ভুক্ত করা হবে দুই কমিটিতে। আজকের (শুক্রবার) মধ্যে কমিটি চূড়ান্ত করে শনিবার (৪ জানুয়ারি) গণভবনে অনুষ্ঠিত যৌথসভায় উপস্থাপন করা হবে।