রিপোর্ট অনলাইন ডেস্ক:অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধারকাজে ব্যবহারের জন্য জার্মানীর তৈরী অত্যাধুনিক তিনটি অগ্নি নিরোধক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.সাজ্জাদ হোসেনের হাতে এগুলো তুলে দেন। বাসস
এই অগ্নি নিরোধক কুশনগুলো ফাইবারগ্লাস দ্বারা তৈরী এবং এক মিনিটে এগুলো ব্যবহার উপযোগী করা যায়। প্রতিটি কুশনের মূল্য পড়েছে ৫০ লাখ টাকা। প্রতিটির ওজন ৮০ কেজি। এই কুশনগুলো বিদ্যুৎ অপরিবাহী এবং কম্পন এবং শোষণ ছড়িয়ে পড়া ছাড়াই যেকোন বিপজ্জনক পণ্য পরিবহনে সক্ষম।
অগ্নি দুর্ঘটনা মোকাবেলা করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলো অনুষ্ঠানে তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো.শহীদুজ্জামান। তার বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘সারা বিশ্বেই অগ্নি দুর্ঘটনা ঘটলে সে স্থানগুলোকে হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশেও এ উদ্যোগ নেওয়া যেতে পারে।’
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মো. সাজ্জাদ হোসাইন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।